মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম জানান, বুধবার রাতে তাদের তল্লাশি স্থগিত রাখা হয়েছিল। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে উদ্ধারকারী জাহাজ হামজা এবং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে।
সকালে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে গিয়ে দেখা যায়, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের তিন ডুবুরি কাত হয়ে অর্ধেক নিমজ্জিত ফেরি শাহ আমানতের ভেতরে গিয়ে তল্লাশি চালাচ্ছেন।
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে বুধবার সকাল ৯টার কিছুক্ষণ পর পাটুরিয়ার উদ্দেশে রওনা হয়েছিল শাহ আমানত। পদ্মা পার হয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে পৌঁছানোর পরপরই সেটি কাত হয়ে নদীতে উল্টে যায়।
দুর্ঘটনার সময় ফেরিতে ছিল ১৭টি ট্রাক, একটি প্রাইভেটকার ও আটটি মোটরসাইকেল। এর মধ্যে তিনটি গাড়ি ঘাটে নেমে যেতে পারলেও বাকি বাহনগুলো ফেরির সঙ্গেই নদীতে ডুবে যায়।
এর মধ্যে চারটি পণ্যবাহী ট্রাক ও পাঁচটি কভার্ড ভ্যান এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে জানিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, “আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত কারও মৃতদেহ পাওয়া যায়নি।”
বুধবার ওই দুর্ঘটনার পরপরই ঘাটের ট্রলার চালক ও বিআইডব্লিউটিসির ভাসমান কারখানার লোকজন ফেরির ডুবন্ত ট্রাকচালক ও লোকজনকে উদ্ধার করেন। কেউ নিখোঁজ আছেন এমন তথ্যও পাওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পোয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল বুধবার সকালেই তল্লাশি শুরু করে। এরপর ঘিওর উপজেলা ফায়ার সার্ভিস থেকে আরেকটি উদ্ধারকারী দল তাদের সাথে যোগ দেয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ হামজার সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে কাত হয়ে থাকা ফেরি আশা আমানতকে। কিন্তু আটশ টনের ওই ফেরি সরানোর ক্ষমতা হামজার নেই।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান বলেন, “চাঁদপুর থেকে শক্তিশালী উদ্ধারকারী জাহাজ প্রত্যয় রওনা দিয়েছে। আজ বিকেলের মধ্যে সেটি পাটুরিয়ায় আসার কথা রয়েছে। এরপর ফেরিটি উদ্ধারে কাজ শুরু করবে।”
বাংলাদেশের ইতিহাসের রো রো ফেরির এভাবে দুর্ঘটনা পড়া এটাই প্রথম বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে বুধবার সকালে বেশ কয়েকটি যানবাহনসহ পদ্মায় উল্টে যাওয়া শাহ আমানত ফেরি থেকে পড়ে যাওয়া একটি কাভার্ডভ্যানকে নদীতে ভাসতে দেখা যায়। ছবি: গোলাম মর্তুজা অন্তুফেরিতে থাকা ট্রাকচালক ও মালিকরা ফেরিতে আগেই পানি ওঠার কথা বলছেন। তাহলে ফেরি পরিচালনাকারীরা কেউ তা দেখল না কেন কিংবা দেখলেও সতর্কবার্তা কেন দিল না-সেই প্রশ্ন উঠছে।
বিআইডব্লিউটিসির কর্মকর্তারা বলছেন, ডেনমার্ক থেকে আনা রো রো ফেরি শাহ আমানত বহরে যুক্ত হয় গত শতকের ৮০ এর দশকে। এর মেয়াদ অনেক আগেই ফুরিয়ে গেছে।
এ দুর্ঘটনা তদন্তে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিসি, যার আহ্বায়ক করা হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুলতান আব্দুল হামিদকে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।